মিজানুর রহমান রংপুর
১৩ অক্টোবর, ২০২৬, 2:05 PM
পীরগঞ্জে কীটনাশক ছিটিয়ে মাষকলাইয়ের ফসল নষ্ট, থানায় অভিযোগ
রংপুর পীরগঞ্জে জমিতে কীটনাশক ছিটিয়ে মাষকলাইয়ের ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে মেহেদী হাসান শাকিলের বিরুদ্ধে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চেরাগপুর গ্রামের মো. রেজাউল করিম (৫১)।
অভিযোগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের চেরাগপুর মৌজায় পৈতৃক সূত্রে পাওয়া সাত শতক জমিতে মাষকলাই চাষ করেন রেজাউল করিম। জমি নিয়ে পূর্ববিরোধের জেরে গত ৯ অক্টোবর সন্ধ্যায় তাঁর জমিতে কীটনাশক ছিটানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন ১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে জমিতে গিয়ে তিনি দেখতে পান, মাষকলাইয়ের গাছগুলো লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
রেজাউল করিমের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তাঁর জমিতে কীটনাশক ছিটিয়ে ফসল নষ্ট করা হয়েছে। স্থানীয় আলম মিয়া ও আব্দুর রাজ্জাক মিয়াসহ কয়েকজন বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।
এদিকে সরেজমিনে এলাকায় গিয়ে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান শাকিল কীটনাশক দিয়ে ফসল নষ্ট করার কথা স্বীকার করেছেন বলে অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও ধারণ করা রয়েছে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, “উঠতি ফসলে কীটনাশক দেওয়া ঠিক হয়নি। তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”