নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, 5:19 PM
খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ সম্পন্ন
উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে খিলগাঁও গভঃ কলোনি স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
আজ ২৭ সেপ্টেম্বর (রবিবার) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শিক্ষার্থীদের বরন করে নেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি শাহাদাত হোসেন সরকার এবং অধ্যক্ষ জহিরুল ইসলাম।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ভর্তি নিশ্চায়নে ইতোমধ্যে প্রায় চার শতাধিক শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন। বর্তমানে দ্বিতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া চলমান রয়েছে। কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন, মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৭০০ ছাড়িয়ে যাবে। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব ও পরিধি বহুগুণ বেড়ে যাবে বলেও জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার পাশাপাশি মানসম্মত শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তারা নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করেন।
'শিক্ষা আমাদের অধিকার, গুণগত শিক্ষা আমাদের অঙ্গীকার'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের শুভ সূচনা হলো।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।