সিপন আহমেদ, মানিকগঞ্জ
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, 3:39 PM
অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা বিমানমন্ত্রীর
অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি ও বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দূর করা। কাজেই মানিকগঞ্জের যেকোনো থানায় অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি ও বালু লুটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, ‘আমার দলের কেউ, এমনকি আমার সন্তানও যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে, তবুও আপনারা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবেন। আমি মন্ত্রী হিসেবে আজ আপনাদের সে নির্দেশ দিয়ে গেলাম।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এক আইনজীবীর মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে অটোরিকশা থেকে চাঁদা আদায় করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তাঁর ভাষ্য, ‘চাঁদাবাজ যে–ই হোক, সে আমার দলের হলেও ছাড় দেওয়া হবে না।’
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা–কে উদ্দেশ করে মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী বালুমহাল ইজারা দিতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে হবে।
মানিকগঞ্জের উন্নয়নে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে আফরোজা খানম রিতা বলেন, ‘মানিকগঞ্জের কোথায় কী উন্নয়ন প্রয়োজন, তা আপনারাই ভালো জানেন। আপনারা পরিকল্পনা দেবেন, আমি তা বাস্তবায়নে উদ্যোগ নেব।’
এ সময় নদীশাসন ও পর্যটন শিল্পের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের জন্য কোনো মানসম্মত পার্ক নেই, খেলাধুলার জন্যও পর্যাপ্ত ভালো মাঠ নেই। এসব বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। শিশুদের জন্য একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে সকালে জেলা সার্কিট হাউসে মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি মানিকগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মী ও আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, মানিকগঞ্জে পর্যটন শিল্পের উন্নয়নে সরকার কাজ করছে। ইতিমধ্যে এ খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। বালিয়াটি জমিদার বাড়ি ও তেওতা জমিদার বাড়ি আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, মানিকগঞ্জ-৩ আসন থেকে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন আফরোজা খানম রিতা। গত ১৮ ফেব্রুয়ারি তিনি বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী হিসেবে শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম তিনি মানিকগঞ্জ সফরে এসে জেলার কর্মকর্তা, আইনজীবী, গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।