নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, 8:20 PM
সরাইলে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঙ্গে সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সরাইল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম আদেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিউজ২৪-এর সংবাদ উপস্থাপক সোহাগ বক্স। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সরাইল উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা বাকী বিল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। এ সময় প্রধান অতিথিকে প্রেসক্লাবের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়ার ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান শাহীন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, দৈনিক বাঙালির কণ্ঠের সম্পাদক মেহেরুন নিছা মেহেরীন, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদের ভূঁইয়া, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার এবং ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মোহাম্মদ বিটু।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকতা, এলাকার উন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয়, স্থানীয় সমস্যা ও সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও এলাকার বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
বক্তারা সরাইলের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানে প্রশাসন, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সরাইল উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও সদস্যরা উপস্থিত ছিলেন।